
ঢাকা, ৩ ফেব্রুয়ারি – বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টেম্পেয়ার চলচ্চিত্র উৎসবের ৫৬তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্কারলেট ইকোস’ বা ‘রক্তিম’। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য এটি একটি বিশেষ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়া সাত হাজার ১২৫টি চলচ্চিত্রের মধ্য থেকে মাত্র ৬০টি চলচ্চিত্র অফিশিয়ালি নির্বাচিত হয়েছে। বিশ্বের ৪৪টি দেশের নির্বাচিত এই ৬০টি সিনেমার মধ্যে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে ‘স্কারলেট ইকোস’। তরুণ নির্মাতা হেমন্ত সাদীকের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের পটভূমিতে তৈরি করা হয়েছে।
‘স্কারলেট ইকোস’ মূলত একটি ডকু ফিকশনধর্মী চলচ্চিত্র যেখানে জুলাই আন্দোলনের বাস্তব ফুটেজের সঙ্গে ফিকশনাল দৃশ্যের সমন্বয় ঘটানো হয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছেন আদনান নামের একজন আলোকচিত্রী ও সিঙ্গেল ফাদার যার ক্যামেরার লেন্স দিয়ে ঢাকার রাজপথ এবং গণমানুষের অদম্য আকাঙ্ক্ষা ফুটে উঠেছে।
চলচ্চিত্রটির প্রযোজক দিলরুবা হোসেন দোয়েল জানিয়েছেন যে কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা ছাড়াই টিমের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এটি নির্মিত হয়েছে। ছবিটির প্রায় ৮০ শতাংশ দৃশ্য ধারণ করা হয়েছে আন্দোলনের ভেতরে এবং তা মাত্র একটি স্মার্টফোনে করা হয়েছে। এই নির্মাণের সঙ্গে যুক্ত প্রত্যেক কলাকুশলী সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে কাজ করেছেন বলে জানা গেছে।
চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত আলোকচিত্রী তাহির জামান প্রিয়কে যিনি আন্দোলনের সময় সায়েন্স ল্যাব এলাকায় গুলিতে নিহত হন।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত টেম্পেয়ার চলচ্চিত্র উৎসবটি এফআইএপিএফ স্বীকৃত এবং একই সঙ্গে অস্কার, বাফটা ও ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস কোয়ালিফাইং ফেস্টিভ্যাল।
আগামী ৪ থেকে ৮ মার্চ ফিনল্যান্ডের টেম্পেয়ার শহরে উৎসবটির ৫৬তম আসর অনুষ্ঠিত হবে যেখানে ‘স্কারলেট ইকোস’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
এনএন/ ৩ ফেব্রুয়ারি ২০২৬



