
দিল্লি, ১৬ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করলেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। বিশ্বের প্রথম বোলার হিসেবে এই সংক্ষিপ্ত ফরম্যাটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে অনন্য নজির স্থাপন করেছেন তারকা এই লেগস্পিনার।
দিল্লির মাটিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে এই ঐতিহাসিক কীর্তি গড়েন তিনি। আরব আমিরাতের ইনিংসের ১৬তম ওভারে মোহাম্মদ আরফানকে সাজঘরে ফিরিয়ে ৭০০ উইকেটের অভিজাত ক্লাবে প্রবেশ করেন রশিদ।
ম্যাচ শুরুর আগে তার ঝুলিতে ছিল ৬৯৯টি উইকেট। ইনিংসের শুরুতে ৩.২ ওভার বল করে উইকেটশূন্য থাকার পর অবশেষে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পান তিনি। ওই ম্যাচে ২০ বল করে মাত্র ১৭ রান খরচ করেন রশিদ। তার ঘূর্ণি জাদুতে রিভার্স সুইপ খেলতে গিয়ে বল মিস করেন আরফান এবং নিজের স্টাম্প হারিয়ে বসেন। ব্যক্তিগত এমন বিশাল অর্জনের মুহূর্তেও বেশ সংযত দেখা গেছে আফগান দলপতিকে।
কারণ সুপার এইটে জায়গা করে নিতে আফগানিস্তানের জন্য এই জয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইকেটের সংখ্যার বিচারে টি-টোয়েন্টিতে রশিদ খানের ধারেকাছে নেই আর কেউ। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অবসরপ্রাপ্ত ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো যার উইকেট সংখ্যা ৬৩১। বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে ৬১৩ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন সুনীল নারিন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ উইকেটশিকারি রশিদ খান এবং তার ৭০০ উইকেটের মধ্যে ১৯১টি এসেছে জাতীয় দলের জার্সিতে। বিশ্বকাপের আগে রশিদ জানিয়েছিলেন যে ৭০০ উইকেট তার কাছে কেবলই একটি সংখ্যা মাত্র এবং দলের প্রয়োজনে তিনি সর্বদা নিজের সেরাটা দিতে প্রস্তুত।
এ এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬



