এবার কি প্রথম ম্যাচ জিততে পারবে মুম্বাই ইন্ডিয়ানস?
প্রশ্নটা দলটির সঙ্গে আঠার মতো লেগে গেছে। হবেই না বা কেন! ২০১২ সালের পর টানা ১৩ মৌসুম প্রথম ম্যাচে জয় পায়নি মুম্বাই। গতকাল শুরু হওয়া আইপিএলের এবারের মৌসুমে আজই প্রথম নামবে মুম্বাই। প্রশ্নটি তাই সামনে এল আবারও।
দলটির কোচ মাহেলা জয়াবর্ধনেই বা কী বলবেন! যে দলের পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি আছে, সেই দলটি টুর্নামেন্টের প্রথম ম্যাচ কেন হেরে যায়, তার জবাব নেই জয়াবর্ধনের কাছেও।
গতকাল সন্ধ্যায় তিনি এই প্রসঙ্গে কথা বলেছেন এভাবে, ‘এটা একটা বড় সমস্যা। কিন্তু আমাদের পক্ষে ভিন্নভাবে প্রস্তুতি নেওয়ার কোনো উপায় নেই। প্রথম ম্যাচেও জয়ের তাড়না আরও বাড়ানোর বিষয়ে আমি ছেলেদের সঙ্গে কথা বলেছি। আমাদের শুধু এটাই করার আছে।’
