গত মঙ্গলবার সড়কে গাছ ফেলে শিক্ষাসফরের বাসগুলোতে ডাকাতির সময় ঘটনাস্থলে ছিল এসএসসি পরীক্ষার্থী নুসাইফা জাফরিনও। সে বলে, ‘এক গাড়িতে নবম-দশম শ্রেণির মেয়েরা, আরেকটিতে অভিভাবক, একটিতে ছেলে শিক্ষার্থী ও শিক্ষক এবং অন্যটিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ছিল। আমরা প্রথম বাসে ছিলাম। হঠাৎ রাস্তায় গাছ দেখে সবাই ভয় পেয়ে যাই। এ রাস্তায় ডাকাতি হয়, আমরা আগেও শুনেছি। আমাদের বাসে ডাকাতেরা না উঠলেও পেছনের বাসগুলোতে উঠে যায়। এ অবস্থায় সবাই ভয় পেয়ে কান্না শুরু করেছিলাম।’
ডাকাতির দৃশ্যের কথা মনে করে শিউরে ওঠেন দশম শ্রেণির কয়েকজন ছাত্রী। সেই সঙ্গে নিরাপদে ফেরায় স্বস্তির নিশ্বাসও ফেলেন। সাইমা সুলতানা, রোকসানা আক্তার ও মিম আক্তার নামের শিক্ষার্থীরা জানায়, আল্লাহর রহমতে ডাকাতেরা তাদের বাসে ওঠেনি। ডাকাতদের গাড়ি আটকানোর সেই মুহূর্ত মনে হলে এখনো ভয় লাগে। গল্প শুনলেও জীবনে প্রথমবার সেদিন ডাকাত দেখেছেন তাঁরা।

