মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের প্রলোভন ও সম্পত্তি লিখে দেওয়ার প্রতিশ্রুতিতে এক সন্তানের জননীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঁঠালিয়া গ্রামে। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পূর্বের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর এক কন্যা সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। তিনি দেওহাটা এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
অভিযোগ রয়েছে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আন্ধরা গ্রামের মৃত নাজিম মিয়ার ছেলে নুরুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। একাধিক বিয়ে ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার নুরুল হক ও তার সহযোগীরা কৌশলে ওই নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরের একটি বাসায় নিয়ে যায়। সেখানে নুরুল হক, তার সহযোগী মালেকসহ আরও কয়েকজন মিলে দিনভর পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার জানিয়েছে।
ভুক্তভোগীর পরিবার নিরীহ ও অসচ্ছল হওয়ায় এখন পর্যন্ত মামলা করতে পারেনি বলেও জানা গেছে।
এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন জানান, ভুক্তভোগী অচেতন থাকায় এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তার জ্ঞান ফিরলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

