টাঙ্গাইলে প্রিয় বন্ধু ইকবাল পাপ্পুর অকাল প্রয়াণে বন্ধুরা এগিয়ে এলেন: সন্তান ও পরিবারের জন্য তহবিল গঠন – News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে প্রিয় বন্ধু ইকবাল পাপ্পুর অকাল প্রয়াণে বন্ধুরা এগিয়ে এলেন: সন্তান ও পরিবারের জন্য তহবিল গঠন – News Tangail | নিউজ টাঙ্গাইল

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরের প্রিয় বন্ধু ও মেধাবী ছাত্র ইকবাল পাপ্পু বুরো বাংলাদেশ চট্টগ্রাম অফিসের কাজ শেষ করে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। পাপ্পুর বাবা বহু আগেই মৃত্যুবরণ করেছেন। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মাত্র এক বছরের ছোট সন্তানকে রেখে পাপ্পু সবার চোখে পানি এনে বিদায় নেন।

পাপ্পু সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ২০০৯ এবং সরকারি মুজিব কলেজ থেকে এইচএসসি ২০১১ সালে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ একজন মেধাবী ছাত্র ছিলেন।

তার অকাল মৃত্যুতে সন্তান ও পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে সখীপুরের এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচের বন্ধুরা নিজেদের উদ্যোগে একটি তহবিল গঠন করেন। এই তহবিল থেকে NRBC Bank সখীপুর শাখায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা ডাবল স্কিমে জমা দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৭ বছরের মধ্যে এই অর্থ দ্বিগুণ হবে এবং পুনরায় একই স্কিমে বিনিয়োগ করা হবে। এভাবে ধারাবাহিকভাবে বিনিয়োগ চলতে থাকবে, যাতে প্রায় ১৮ বছর পূর্ণ হলে মূল ও লাভসহ সম্পূর্ণ অর্থ পাপ্পুর ছেলে আওয়ান ইকবালের হাতে তুলে দেওয়া যায়। সিদ্ধান্তটি পাপ্পুর অভিভাবকদের সঙ্গে পরামর্শ করেই নেওয়া হয়েছে।

বন্ধুরা বলেন, “আমাদের প্রিয় পাপ্পু আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া সন্তানকে নিরাপদ ও শিক্ষিত ভবিষ্যৎ দিতে আমরা সবাই একসঙ্গে এগিয়ে এসেছি। মহান আল্লাহ আমাদের এই ছোট প্রয়াস কবুল করুন।”

এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচের বন্ধুদের এই উদ্যোগকে মানবিকতা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। তারা সবাইকে পাপ্পুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার পরিবার ও ছোট সন্তানের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts