নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫টি আসনের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দলীয় নেতারা জানান, ধাপে ধাপে বাকি আসনগুলোর তালিকাও প্রকাশ করা হবে। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বণ্টন চূড়ান্ত করে চলতি মাসের মধ্যেই সব আসনের প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের।
ঘোষিত তালিকা নিয়ে এনসিপির নেতারা আরও বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে থাকা অন্য দলের বিদ্রোহী প্রার্থীদেরও স্বাগত জানানো হবে বলে জানান তারা। এদিকে দলটির শীর্ষ নেতা আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে এবং সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
টাঙ্গাইলের ঘোষিত আসনগুলোতে এনসিপির মনোনয়ন পেয়েছেন চারজন। টাঙ্গাইল-১ আসনে সাইদুল ইসলাম (শহীদ সাজিদের পরিবার), টাঙ্গাইল-৩ আসনে সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল-৫ আসনে মাসুদুর রহমান রাসেল এবং টাঙ্গাইল-৭ আসনে খন্দকার মাসুদ পারভেজকে মনোনয়ন দিয়েছে দলটি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


