টাঙ্গাইলের মির্জাপুরে নির্ধারিত সময়ে অফিসে অনুপস্থিত কর্মকর্তারা – News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে নির্ধারিত সময়ে অফিসে অনুপস্থিত কর্মকর্তারা – News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুর প্রতিনিধি: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সকাল ৯টা ৫৮ মিনিটে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুনকে অফিসে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, অফিসের কাজে বাইরে আছেন। তবে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।

একই সময়ে অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাদিউর রহমানও অনুপস্থিত ছিলেন। প্রথমে জানানো হয় তিনি ছুটিতে আছেন, পরে অফিসের এক কর্মচারী জানান তিনি সেদিন অফিস করবেন। পরে মুঠোফোনে হাদিউর রহমান বলেন, ছুটিতে ঢাকায় গিয়েছিলেন, বর্তমানে রাস্তায় আছেন এবং অফিসে এসে কথা বলবেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসকেও সকাল ১০টা পর্যন্ত অফিসে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করেও যোগাযোগ সম্ভব হয়নি। অফিস সূত্রে জানানো হয়, তিনি আগামী ১২ মার্চ অবসর গ্রহণ করবেন এবং ব্যক্তিগত কাজে ঢাকায় থাকতে পারেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাও সকাল ১০টার পর পর্যন্ত অফিসে উপস্থিত ছিলেন না। যোগাযোগ করলে তিনি জানান, দেওহাটা অফিসের কাজে রয়েছেন এবং পরে কথা বলবেন।

সকাল ১০টা ২২ মিনিটে উপজেলা সমবায় কর্মকর্তাকে রাস্তায় থাকতে দেখা যায়। তিনি জানান, অফিসে আসছেন। ওই দপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর শিপ্রা সরকারের হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও তাকে অফিসে পাওয়া যায়নি। পরে এসে তিনি অসুস্থতার কথা জানান। তবে কার অনুমতিতে অফিস ত্যাগ করেছিলেন সে বিষয়ে স্পষ্ট জবাব দেননি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের মনিটরিং করা তার দায়িত্ব। প্রয়োজন হলে তাদের সতর্ক করা হবে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts