টঙ্গীর মাজার বস্তিতে র‌্যাবের অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৬ – Daily Gazipur Online

টঙ্গীর মাজার বস্তিতে র‌্যাবের অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৬ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী মাজার বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতসহ ৬ জনকে অস্ত্র এবং হিরোইনসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার মধ্যরাতে টঙ্গীর মাজার বস্তিতে র‌্যাব অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- শাহরিয়ার হোসেন সৈকত (৩২), শাহানুর আহমেদ অমিত (১৮), হিরা (৩২), বায়জিদ (২৭), জাহিদ (১৯) ও নূর ইসলাম (২৭)।এ সময় ১টি শর্টগান, বুলেট ৪ রাউন্ড, হিরোইন ১৯৫ গ্রাম, মোবাইল ফোন ২টি ও নগদ ১৪০০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, সৈকত বিভিন্ন সময় অস্ত্রসহ মাদকসম্রাট রবিউল ইসলাম বাবুর সহযোগী হিসেবে ভীতি সঞ্চার করার জন্য শোডাউন করেন। একই সঙ্গে তিনি মাজারবস্তিতে বিভিন্ন স্পটে মাদক বিপণন করেন। পূর্বে যৌথ বাহিনীর অভিযানে সময় তিনি পলায়ন করেন। র‌্যাবের একটি দল তাকে ৯ এপ্রিল ভোররাতে টঙ্গী পূর্ব থানাধীন সেনাকল্যাণ এলাকা থেকে গ্রেপ্তার করে।
আসামিকে অস্ত্র ব্যবহার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি খুব উগ্রভাবে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তার এন্ড্রয়য়েড মোবাইল ফরেনসিক করে মাজার বস্তির একটি নির্দিষ্ট স্থানে মাদক বিক্রিসহ, নারীদের ব্যবহার করে হানিট্র্যাপ এবং মাদক বিক্রি করে অর্জিত বিপুল পরিমাণ টাকার ভিডিও এবং ছবি পাওয়া যায়। প্রাপ্ত ছবি এবং ভিডিওর সূত্র ধরে মাজার বস্তির বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হয় এবং ভিডিওতে প্রাপ্ত ঘর থেকে তল্লাশি করে একটি রিভলভার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলবারসহ আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
র‌্যাব আরো জানায়, রিভলভারটি ভারতে স্থানীয় ভাবে তৈরি করা বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্রটি মাদক সম্রাট রবিউল ইসলাম বাবুর একটি মাদক স্পট থেকে পাওয়া যায় যেখানে আসামি সৈকত সেলসম্যান হিসেবে কাজ করেন। এ ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি মাদক স্পটে গোপন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু শর্ট গান এমুনিশন পাওয়া যায়।
ইতিপূর্বে র‌্যাব অভিযান চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রের পাশাপাশি থানা থেকে লুণ্ঠিত গ্যাস গান কার্টিজ উদ্ধার করেছে।
স্থানীয়া জানায়, সৈকত ৪ আগস্ট ছাত্রদের ওপর গাজীপুর এবং টঙ্গীতে প্রকাশ্যে গুলি বর্ষণ করে ও হামলা চালান। এ সংক্রান্তে তিনি একটি গোপন ফেসবুক গ্রুপে পোস্ট করেন বলে জানা যায়। পরবর্তীতে সরকার পতনের পর তিনি পোস্টটি ডিলিট করেন এবং গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপনে চলে যান। মাদকসম্রাট রবিউল ইসলাম বাবুর মাদক স্পট থেকে আরো ৫ জন মাদক সেবনকারীকে পাওয়া যায়। তাদের কাছ থেকে প্রায় ১৯৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হিরোইন ল্যাব টেস্ট করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Print Friendly, PDF & Email

Explore More Districts