টঙ্গীর পূর্ব-আরিচপুর ডায়মন্ড হাউজিং এ গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু – Daily Gazipur Online

টঙ্গীর পূর্ব-আরিচপুর ডায়মন্ড হাউজিং এ গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে টঙ্গীর জামাই বাজার এলাকার ডায়মন্ড হাউজিং নামক বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
মৃত ওই গৃহকর্মীর নাম আসমা (৩২)। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার আটপাড়া গ্রামের সামসুল হকের মেয়ে। আসমা টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার জনৈক শাহ আলম মিয়ার ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, আসমা টঙ্গীর জামাই বাজার এলাকার ডায়মন্ড হাউজিং নামের ভবনের ১১তলায় মিঠু মিয়ার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। আজ সকালে আসমা ওই বাসায় কাজ করতে যান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আসমা ভবনটির ১২তলার ছাদের ওপর কাপড় শুকাতে যান। এ সময় অসাবধানতাবশত ভবনের ছাদ থেকে নিচে পড়ে মাথায় গুরুতর জখম হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, লাশটির ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

Explore More Districts