
ঝিনাইদহ, ২১ মার্চ – ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এই তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্থ কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ওই বাংলাদেশি নারীকে আটক করা হয়। জানা গেছে, আটক নারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন।
আইনি প্রক্রিয়া শেষে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। অন্যদিকে জীবননগর বিওপির আরেকটি টহল দল সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযান চালায়।
ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মাদক সিরাপ এবং ২৩৬ পিস ভায়াগ্রা বড়ি জব্দ করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
এ এম/ ২১ মার্চ ২০২৬




