ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ গ্রহণে বিজ্ঞান স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনীর পৃথক অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্যদ্বয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,’বিজ্ঞানভিত্তিক জ্ঞানার্জন ও প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে আগামীর বিশ্বজয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
দেশের সুনাম বয়ে আনতে হবে। আমাদের সমুদ্রের নীল জলরাশির নিচে লুকায়িত অফুরন্ত সম্পদ আহরণে নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি কাজে লাগাতে হবে’।
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ,সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস),
এসইডিপি,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শুক্রবার (১২জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ।
পরে দুপুর সাড়ে ১২টায় একই মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নি।
পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
এসময় বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমীর হারুন অর রশীদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মতিয়ার রহমান,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন কল্লোল, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন।এসময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শিত উদ্ভাবনী মেধার ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিন শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি নারী সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।


