ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্নারের উদ্বোধন

১ September ২০২৬ Tuesday ৮:১৭:৩৭ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর হাসপাতালে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সমন্বিত চিকিৎসাসেবা দিতে এনসিডি (অসংক্রামক রোগ) কর্নারের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) আনুষ্ঠানিকভাবে কর্নারটির সেবাদান কার্যক্রম উদ্বোধন করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ (অসংক্রামক রোগ) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ কর্নার স্থাপন করা হয়েছে। কর্মসূচির আওতায় দেশের ৩২৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচটি জেলা সদর হাসপাতালে এনসিডি কর্নারের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সমন্বিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, সদর হাসপাতালের পরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. মাসুম ইফতেখার, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ডা. শামীম জুবায়ের, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. টি এম মেহেদি হাসান সানিসহ চিকিৎসক ও কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, সদ্য চালু হওয়া এনসিডি কর্নারটি ঝালকাঠির উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিক পর্যায়েই এসব রোগ শনাক্ত, নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ নিশ্চিত করা জরুরি।

জিয়াউদ্দিন বলেন, সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দিচ্ছে। সাধারণ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। এনসিডি কর্নারের মাধ্যমে ঝালকাঠির মানুষ সরকারি স্বাস্থ্যসেবার আরও উন্নত সুবিধা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts