ঝালকাঠিতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার: নাকে রক্তের দাগ, স্বর্ণালংকার উধাও

ঝালকাঠিতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার: নাকে রক্তের দাগ, স্বর্ণালংকার উধাও

২০ January ২০২৬ Tuesday ২:২৯:৫৯ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার: নাকে রক্তের দাগ, স্বর্ণালংকার উধাও

ঝালকাঠিতে নিখোঁজের প্রায় ৮ ঘণ্টা পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ থেকে কানের স্বর্ণের দুল ও নাকফুল উধাও থাকায় স্বর্ণালংকারের জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্বজন ও এলাকাবাসী।

সোমবার (২০ জানুয়ারি) রাতে শহরের নতুন চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম নিলুফা ইয়াসমিন (৬০)। তিনি ওই এলাকার প্রয়াত শুক্কুর আলী হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে এশার নামাজ শেষে প্রতিদিনের মতো প্রতিবেশীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন নিলুফা ইয়াসমিন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মঙ্গলবার ভোররাতে বাড়ির সামনে সুগন্ধা নদীর ঘাটে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের সঙ্গে কানে থাকা স্বর্ণের দুল ও নাকফুল পাওয়া যায়নি। এছাড়া নাকে রক্তের দাগও দেখা গেছে। স্বজন ও এলাকাবাসীর ধারণা, স্বর্ণালংকার ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts