
ঢাকা, ১৩ মার্চ – দেশে চলমান জ্বালানি খাতের অস্থিরতার প্রভাব পড়েছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। রাতের বেলায় ঢাকার অনেক পেট্রোল পাম্প বন্ধ থাকতে দেখা গেছে। এমনকি পরীবাগের একটি পাম্পের প্রবেশমুখে তেল নেই লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে মোটরসাইকেল আরোহীরা তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন। তবে যেসব গাড়ি গ্যাসে চলে, সেসব যানবাহনের চালকরা গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন।
বৃহস্পতিবার দিনগত রাতে সরেজমিনে ঢাকার কয়েকটি ফিলিং স্টেশনে এমন চিত্র পরিলক্ষিত হয়।
পরীবাগের পাম্পের কর্মীরা জানান, আপাতত তাদের কাছে অকটেন ও পেট্রোলের সরবরাহ নেই। তবে সেখানে গ্যাস সরবরাহ চালু থাকায় প্রাইভেটকারের দীর্ঘ সারি দেখা যায়।
এদিকে রাতে তেল না পেয়ে হতাশ অনেক মোটরসাইকেল চালক। হুমায়ুন নামের এক আরোহী জানান, কয়েকটি পাম্প ঘুরে বন্ধ পেয়ে পরীবাগে এসেও তিনি তেল পাননি। মিলন নামের অপর এক চালক জানান, দিনের বেলায় ভিড় থাকায় তিনি রাতে তেল নিতে এসে শূন্য হাতে ফিরছেন।
এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণের চাহিদা পূরণে বিদেশ থেকে আমদানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং নিয়মিতভাবে জ্বালানি দেশে আসছে। একইসঙ্গে ডিলারদের মাধ্যমে সারাদেশের ডিপোগুলোতে নিয়মিত তেল পাঠানো হচ্ছে।
এনএন/ ১৩ মার্চ ২০২৬




