জুলাই হত্যা চেষ্টা মামলায় টাঙ্গাইলের সাবেক এমপি ছানোয়ার ফের গ্রেপ্তার – News Tangail | নিউজ টাঙ্গাইল

জুলাই হত্যা চেষ্টা মামলায় টাঙ্গাইলের সাবেক এমপি ছানোয়ার ফের গ্রেপ্তার – News Tangail | নিউজ টাঙ্গাইল

নিজস্ব প্রতিনিধি: জুলাই আন্দোলনের সময় মিছিল ও গুলিবর্ষণে সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার অভিযোগে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে ফের গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন ভাটারা থানার উপপরিদর্শক মো. আমিনুর রহমান ছানোয়ার হোসেনকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর পক্ষে এবং আসামিপক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে বক্তব্য দেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাটারা থানার ১ থেকে ৮ নম্বর আসামির নেতৃত্বে ২০০ থেকে ৩০০ জন আওয়ামী লীগের সশস্ত্র কর্মী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে সোহেলী তামান্নার বাম হাতের কব্জিতে গুরুতর আঘাত লাগে এবং কোমরের পেছনে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় সোহেলী তামান্না বাদী হয়ে ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলা করেন। মামলার তদন্তে ছানোয়ার হোসেনের বিরুদ্ধে ঘটনার সময় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের উসকানিমূলক বক্তব্য দিয়ে হামলায় মদদ দেওয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগগুলো মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার অংশ।

Explore More Districts