
জামালপুর, ২১ মার্চ – জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ ড্রাম ব্রিজ ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঈদে ঘুরতে আসা শতাধিক মানুষ ব্রিজ ভেঙে নদে পড়ে যান।
এই মর্মান্তিক ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। নিহতরা হলো উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা এবং ছেলে আব্দুল মোতালেব, ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি এবং গামারিয়া এলাকার আবির।
শনিবার ২১ মার্চ বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনের এই ব্রিজে অতিরিক্ত দর্শনার্থীর চাপের কারণে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, প্রতি বছর ঈদ উপলক্ষে এই এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়। দীর্ঘ দিন ধরে ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। শনিবার ঈদের দিন বিকেলে অতিরিক্ত মানুষের চাপে ব্রিজটি হঠাৎ ভেঙে যায়। এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ পানিতে পড়ে যান। অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে পারলেও বেশ কয়েকটি শিশু স্রোতের টানে ভেসে যায়।
ঘটনাস্থল থেকেই চার শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণ দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এনএন/ ২১ মার্চ ২০২৬




