| ১০ February ২০২৬ Tuesday ১০:১৪:২৮ PM | |
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় লোহার রড দিয়ে পিটিয়ে ইউনিয়ন জামায়াতে ইসলামীর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান মাঝির (৫০) দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে। এ সময় তার বাম হাত ও মাথায়ও জখম করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কাঠালতলী দাখিল মাদ্রাসার আস্থাইনবাড়ি ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।
তবে বিষয়টি অস্বীকার করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ফারুক।
আহত মাওলানা মাহফুজুর রহমান উপজেলার কাঠালতলী ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ৯ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুর রহমান মাঝির ছেলে ও কাঁঠালতলী দাখিল মাদ্রাসার ইবতেদায়ি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আহত মাহফুজুর রহমান জানান, দুপুর ১টার দিকে কাঁঠালতলী দাখিল মাদ্রাসা থেকে রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। বয়ারগুদি ব্রিজের কাছে পৌঁছলে টিপু, হাসান, মাহমুদ ও ইমামসহ ৬ থেকে ৭ জন লাঠি ও লোহার পাইপ নিয়ে গতিরোধ করে এলোপাতাড়ি পেটানো শুরু করে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান দোলন জানান, দুপুরের দিকে মাহফুজ নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার দুটি পা এবং এক হাত ভেঙে গেছে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন হামলাকারীরা বিএনপি কর্মী বলে অভিযোগ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি জানিয়ে বলেন, গত রাতে নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট চাওয়ার কারণে সোলায়মান সাদিক ও ফিরোজ নামে কয়েকজন মাহফুজুর রহমানের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, ভোটগ্রহণের আর মাত্র একদিন বাকি। এই মুহূর্তে তারা নিজেরাই নাটক সাজিয়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তাদের ওপর বিএনপির কেউ কোনো হামলা চালায়নি।
পাথরঘাটা থানার ওসি মংচেনলা জানান, আহত ব্যক্তিকে পাথরঘাটা থানায় আনা হয়েছিল, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন। সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

