
টোকিও, ৮ ফেব্রুয়ারি – জাপানে জাতীয় নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাধারণ মানুষ ভোট দিতে শুরু করেছেন।
এ নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনের জন্য মোট ১ হাজার ২৮৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ২৩ জানুয়ারি দেশটির প্রধানমন্ত্রী সানাই তাকাচি সংসদ ভেঙে দেন। তখন তিনি ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তাকাচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।
গত বছরের অক্টোবর মাসে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সংসদে সামান্য সংখ্যাগরিষ্ঠতা ছিল। তবে তিনি শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা চাইছিলেন। ফলে ক্ষমতা গ্রহণের পরই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন।
প্রধানমন্ত্রী তাকাচির ক্ষমতাসীন এলডিপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাপান ইনোভেশন পার্টির।
এই নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে কোন দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তাকাচির ভবিষ্যতও এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে।
জাপানে আজকের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। ভোট গণনা শেষ হতে সারারাত সময় লাগতে পারে।
সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে ২৮৯ জন সরাসরি একক নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হবেন এবং বাকি ১৭৬ জন ১১টি আঞ্চলিক ব্লকের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে আসন পাবেন।
বিভিন্ন জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী তাকাচির এলডিপি সম্ভবত সংসদের সর্বোচ্চ আসনে জয়ী হতে পারে।
এর মধ্যে ১৯৯০ সালের পর প্রথমবার জাপানে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। জাপান সাগরের উপকূলে তুষারপাত হওয়ায় যোগাযোগে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ভোট দিতে আসা মানুষের সংখ্যা কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬




