শাহবাগ মোড়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন ৬৫ বছর বয়সী শামসুল হক। তিনি প্রথম আলোকে জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে রাজধানীতে চালক হিসেবে কাজ করছেন। ১৯৯১ সালে লালমনিরহাট থেকে ঢাকায় আসেন। শুরুতে তেলচালিত ট্যাক্সি চালাতেন, পরে সিএনজি অটোরিকশা চালানো শুরু করেন। এত বছরেও ঢাকাকে কখনো এত ফাঁকা দেখেননি।
শামসুল হক বলেন, ‘অন্যান্য দিন এতক্ষণে মালিকের জমার টাকা উঠে যায়। আজকে মাত্র ৪০০ টাকা ভাড়া পেয়েছি। যাত্রীই নাই। মনে হচ্ছে বাসা থেকে টাকা এনে জমা দিতে হবে।’
ঈদের সময়ের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘ঈদের সময়ও মানুষে ভরপুর থাকে। এতক্ষণে দুই থেকে আড়াই হাজার টাকা ভাড়া হয়। আজ তো একেবারেই ফাঁকা। মানুষ সব বাড়ি চলে গেছে।’

