ডেস্ক নিউজ :: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টিকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানিয়েছে, এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে নিশ্চিদ্র নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখাসূত্রে জানা গেছে, জেলার চারটি আসনের ৬০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ৩ হাজার ৪১০টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩ হাজার ২৮১টি এবং অস্থায়ী ১২৯টি। মোট কেন্দ্রের মধ্যে ১৭৯টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এবং ৪৩০টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি পুলিশের বডি-ওয়ার্ন ক্যামেরা থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে পুলিশের দুইজন অস্ত্রধারী সদস্য, ১৩ জন আনসার সদস্য (যাদের কাছে তিনটি অস্ত্র থাকবে) এবং ১ থেকে ২ জন গ্রাম পুলিশ সদস্য থাকবেন।
আসনভিত্তিক তথ্যে দেখা যায়, সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে মোট ১৬৮টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫০টি গুরুত্বপূর্ণ এবং ১১৮টি সাধারণ কেন্দ্র। সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে মোট ১৮০টি কেন্দ্রের মধ্যে ৬০টি গুরুত্বপূর্ণ ও ১২০টি সাধারণ। সাতক্ষীরা-৩ (আশাশুনি ও কালিগঞ্জ) আসনে ১৬৫টি কেন্দ্রের মধ্যে ৪০টি গুরুত্বপূর্ণ ও ১২৫টি সাধারণ। সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মোট ৯৬টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে ২৯টি গুরুত্বপূর্ণ এবং ৬৭টি সাধারণ।
জেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে ৬০৯টি কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১০ হাজার ৩৬৭ জন, নারী ভোটার ৯ লাখ ৬ হাজার ৪৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৪ জন।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, কেন্দ্রগুলোকে শুধু ঝুঁকি বিবেচনায় নয়, দূরত্ব ও অবকাঠামোগত অবস্থাও বিবেচনায় এনে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোনো কেন্দ্রের ভবনের অবস্থা ভালো না হলেও সেটিকে গুরুত্বপূর্ণ তালিকায় রাখা হয়েছে। জেলার চারটি আসনেই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার বলেন, ভোটকক্ষ প্রস্তুত করা, কেন্দ্রের ৪০০ গজের মধ্যে সীমানা নির্ধারণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব ৬০৯টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন এবং নিয়মিত কেন্দ্র পরিদর্শন করছেন। তিনি আশা প্রকাশ করেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


