
সচিবালয়, ৯ মার্চ – জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ দেশের শীর্ষস্থানীয় আলেম ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়।
বৈঠকে ধর্মমন্ত্রী ও জাকাত বোর্ডের চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং শায়খ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শায়খ আহমাদুল্লাহ জানান, দেশের জাকাত ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার জন্য একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাকাত ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পাঁচ থেকে সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হতে পারে। এই কমিটির সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী। জাকাতের অর্থ কীভাবে আরও কার্যকরভাবে বণ্টন করা যায় এবং দেশের দারিদ্র্য বিমোচনে তা কীভাবে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়ার জন্যই তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইনের নেতৃত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহ এবং স্থানীয় ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেমদের সমন্বয়ে এই কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে কারা অন্তর্ভুক্ত হবেন, আগামী ১০ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় তার একটি চূড়ান্ত প্রস্তাব তৈরি করবে। এই কমিটি জাকাত ব্যবস্থাপনা ও জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে তাদের আনুষ্ঠানিক সুপারিশ পেশ করবে।
উল্লেখ্য, এর আগে গত ৭ মার্চ আলেম ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন যে, একটি কার্যকর জাকাত ব্যবস্থাপনা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য দূরীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এম ম/ ৯ মার্চ ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জাকাত ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বৈঠক, নতুন কমিটি গঠনের উদ্যোগ first appeared on DesheBideshe.


