এ ঘটনায় আজ দুপুরে রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছাইদুল ইসলাম ওরফে ছানু থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য ছাইদুল ইসলামের নওদুয়ারী ফসলি মাঠের আলীগাঁও সেতু নামক স্থানে একটি বৈদ্যুতিক অগভীর নলকূপ স্থাপন করে সেচকাজ চালানো হচ্ছিল। গতকাল দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ৫-৬ জনের একটি দল নলকূপের ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢোকে। এরপর পাহারাদার আবদুর রশিদকে বেধড়ক মারধর করে তাঁর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে বৈদ্যুতিক পোল থেকে তিনটি ট্রান্সফরমার নিচে নামিয়ে ভেতরের তামার তার খুলে নিয়ে যায়। অভিযোগে তিনটি ট্রান্সফরমারের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
আজ বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বৈদ্যুতিক পোলের নিচে তিনটি ট্রান্সফরমারের খালি বোতল পড়ে আছে। নলকূপের ঘরের ভেতরে বিছানাপত্রে রক্তের দাগ দেখা গেছে।
