‘ছোট বিজ্ঞানীরা’ কি একদিন দূষণমুক্ত চট্টগ্রাম উপহার দেবে – দৈনিক আজাদী

‘ছোট বিজ্ঞানীরা’ কি একদিন দূষণমুক্ত চট্টগ্রাম উপহার দেবে – দৈনিক আজাদী

চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিকল্পিত, পরিচ্ছন্ন এবং সবুজ শহর গড়তে নবীনরাই মূল ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, বিজ্ঞান নির্ভর ও প্রযুক্তিকেন্দ্রিক পরিকল্পনার মাধ্যমে সুন্দর আগামী গড়ে তুলতে নবীন ছাত্র ছাত্রীদের এগিয়ে আসতে হবে। গতকাল নগরীর সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক বিজ্ঞান মেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, কীভাবে আমরা সিটিটাকে গ্রিন রাখতে পারি, কীভাবে সেফ এন্ড স্মার্ট সিটিতে পরিণত করতে পারবো–সেসব নিয়ে আমাদের ভাবতে হবে। সমাজের জন্য, আমাদের চট্টগ্রামের জন্য, দেশের জন্য ভাবনা নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমি চাই এনভায়রনমেন্টাল পলিউশন ফ্রি একটা চট্টগ্রাম–যেখানে বায়ু দূষণ থাকবে না। এই ধরনের একটি চট্টগ্রাম তোমরা উপহার দিতে পারবে–এমনটা আশা রাখতে চাই আমি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। তিনি তার বক্তব্যে ছাত্র ছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম পরিচালনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আজকের এই মেলা শুধু কিছু বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শনের অনুষ্ঠান নয়। এটি আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন, কৌতূহল, সৃজনশীলতা, ভবিষ্যৎ সম্ভাবনার এক অসাধারণ মিলনমেলা। মনে রাখবেন, বড় আবিষ্কার শুরু হয় ছোট একটি প্রশ্ন থেকে–কেন অথবা কীভাবে। এই প্রশ্ন করার সাহসই তোমাদের এগিয়ে নিয়ে যাবে। ভুল করতে ভয় পেয়ো না। কারণ অনেক বড় বড় আবিষ্কারের পথ তৈরি হয়েছে অসংখ্য ভুল ও ব্যর্থতার মধ্য দিয়ে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক ও উদ্ভাবক। তোমাদের চিন্তা ও মেধা শুধু নিজেদের ভবিষ্যৎ নয়, আমাদের দেশ, আমাদের এই চট্টগ্রামসহ পুরো বিশ্বের ভবিষ্যৎও বদলে দিতে পারে। তাই, স্বপ্ন দেখো, প্রশ্ন করো, শিখতে থাকো এবং নতুন কিছু করার সাহস রাখো। ওয়াহিদ মালেক আরো বলেন, আশা করছি আজকের এই বিজ্ঞানমেলা থেকে আমরা এমন কিছু পাবো, যেটা থেকে সমাজ উপকৃত হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো. আবু তাহের। মেলায় ১৮টি স্টলের মাধ্যমে ছাত্র–ছাত্রীদের বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করা হয়। বক্তব্য পালা শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথপয়েন্ট স্কুল শাখার ভাইস প্রিন্সিপাল সাদিয়া শারমিন ও কলেজ শাখার ভাইস প্রিন্সিপাল আফসানা সাবরিন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিশেষে বিজ্ঞান ভিত্তিক বিশেষ বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের শেষ হয়।

Explore More Districts