বিজ্ঞপ্তিতে ছাত্রদল আরও বলেছে, ছাত্রশিবির একদিকে স্বাধীনতা ও বিজয় দিবসে ‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব’ স্লোগান দিয়ে র্যালি করে, অন্যদিকে নিজেদের প্রকাশনায় মুক্তিযুদ্ধে যোগ দেওয়াকে ভুল ও অদূরদর্শিতা হিসেবে প্রচার করবে, মুক্তিযোদ্ধাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে; এটি সুস্পষ্ট দ্বিচারিতা। এই দ্বিচারিতার ফলে প্রমাণিত হয়, প্রকাশ্যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করার কৌশল নিলেও ভেতরে-ভেতরে ছাত্রশিবির পূর্বসূরি ছাত্রসংঘের মতো মুক্তিযুদ্ধের বিপক্ষের মনোভাব ধারণ করে।
লেখকের ব্যক্তিগত অভিমত বলে ছাত্রশিবির তাদের দলীয় প্রকাশনার মাধ্যমে স্বাধীনতাবিরোধী ন্যারেটিভ (বয়ান) প্রচারের দায় এড়িয়ে যেতে পারে না বলে ছাত্রদলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়েছে, ‘সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে ছাত্রশিবিরের প্রকাশনার এডিটরিয়াল পলিসি স্বাধীনতাবিরোধী ন্যারেটিভ প্রতিষ্ঠা করার পক্ষে।’
