শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় নির্মাণাধীন ভবনে সেফটি ব্যবস্থার চরম অবহেলার কারণে সামাউল ইসলাম (৫৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পৌরসভার সনু ডাক্তার মোড়ে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। নিহত সামাউল উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামের চতুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ভবনটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে অনুমোদন ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চলছিল। অভিযোগের ভিত্তিতে একপর্যায়ে পৌর কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। তবে অজ্ঞাত প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় পুনরায় কাজ শুরু হয় তাও কোনো ধরনের সেফটি নিশ্চিত না করেই।
ঘটনার আগে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে বিষয়টি নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে ভবন মালিক নির্মাণকাজ চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, এটি অবহেলা ও দায়িত্বহীনতার ফল, যা একপ্রকার ‘প্রাণহত্যার’ সামিল। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারবার সতর্ক করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভবন মালিক কোনো কিছুই তোয়াক্কা করেননি। এর দায় এড়ানোর সুযোগ নেই।” তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা অভিযোগ দিলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


