চৌগাছায় ভালোবাসা দিবসে ফুলের দোকানে উপচে পড়া ভিড়

চৌগাছায় ভালোবাসা দিবসে ফুলের দোকানে উপচে পড়া ভিড়

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। প্রিয় মানুষ ও প্রিয়জনকে ফুল উপহার দিতে সকাল থেকেই বিভিন্ন দোকান ও অস্থায়ী স্টলে ভিড় করেন ক্রেতারা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী বাজারের বিভিন্ন স্থানে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বাজারের মোড়গুলোতে সাজানো হয়েছিল নানা রকম ফুলের পসরা। গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, সূর্যমুখী, গাঁদা, জুঁই, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন প্রজাতির ফুল বিক্রি করেন দোকানিরা। রঙিন কাগজে মোড়ানো তোড়া ও বিশেষভাবে সাজানো ফুলের প্যাকেজ ক্রেতাদের আকর্ষণ করে।

ভাস্কর্য মোড়ের হোসেন ফুলঘরের স্বত্বাধিকারী জানান, ভালোবাসা দিবসকে ঘিরে প্রায় ২০ হাজার টাকার ফুল বিক্রির আশা করছেন তিনি। ইতোমধ্যে বিক্রি সন্তোষজনক হয়েছে এবং দিন শেষে সব ফুল বিক্রি হয়ে যাবে বলে তিনি আশাবাদী।

ফুল ব্যবসায়ীরা জানান, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তাদের বেচাকেনা অন্যান্য দিনের তুলনায় কয়েকগুণ বেড়ে যায়। ফুল এমন এক উপহার, যা শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সবার কাছেই সমানভাবে প্রিয়। তাই এই বিশেষ দিনে ফুলের মাধ্যমেই অনেকেই ভালোবাসা প্রকাশ করেন।

দিন শেষে প্রিয়জনকে ফুল ও উপহার দিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন অনেকেই, আর সেই ভালোবাসার রঙে রঙিন হয়ে ওঠে পুরো চৌগাছা বাজার।

Explore More Districts