
মুম্বাই, ২৯ এপ্রিল – বলিউড অভিনেতা রাজপাল যাদব বর্তমানে ৯ কোটি রুপির চেক বাউন্স সংক্রান্ত আইনি জটিলতা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন। এই কঠিন মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছেন মেগাস্টার সালমান খান। জানা গেছে, প্রখ্যাত প্রযোজক দিল রাজুর ব্যানারে এবং জাতীয় পুরস্কারজয়ী পরিচালক বংশী পৈডিপল্লির পরবর্তী অ্যাকশন ড্রামা চলচ্চিত্রে রাজপাল একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। নাম ঠিক না হওয়া এই বিগ বাজেট ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, রাজপাল যাদবকে এই ছবিতে সালমান খানের অত্যন্ত ঘনিষ্ঠ এক চরিত্রে দেখা যাবে। পুরো সিনেমা জুড়ে এই দুই তারকার সাবলীল রসায়ন দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে। আগামী মে মাসে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও রাজপাল ইতিমধ্যেই সেটে যোগ দিয়েছেন। এর আগে পার্টনার এবং মুঝসে শাদি করোগি এর মতো জনপ্রিয় সিনেমাগুলোতে এই জুটির অভিনয় দর্শক মহলে ব্যাপক সমাদৃত হয়েছিল। নতুন এই চলচ্চিত্রেও রাজপালের চরিত্রে বিশেষ একটি হাস্যরসাত্মক দিক থাকবে যা কাহিনীতে ভিন্ন মাত্রা যোগ করবে।
বংশী পৈডিপল্লি এর আগে মহেশ বাবু, প্রভাস এবং বিজয়ের মতো মহাতারকাদের সাথে কাজ করেছেন। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস এর ব্যানারে এই ছবিটির দৃশ্যধারণ বর্তমানে মুম্বাইয়ের একটি বিশালাকার সেটে চলছে। ২০২৭ সালে বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে আইনি টানাপোড়েন চললেও বলিউডের এই বৃহৎ প্রজেক্টে যুক্ত হওয়া রাজপাল যাদবের ক্যারিয়ারের জন্য একটি বড় স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬





