সিলেট-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বহিস্কৃত সাবেক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু) মামুনকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে জকিগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টি।
শনিবার (৩১ জানুয়ারি) জকিগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতারা এ সমর্থনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জকিগঞ্জ উপজেলা জাতীয়পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল মালেক ফারুক, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লস্কর, পৌর সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক আজমল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুব সংহতির সাবেক জয়েন্ট সেক্রেটারি মরতুজা আহমদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে দুই শতাধিক আসনে জাতীয় পার্টির প্রার্থী থাকলেও সিলেট-৫ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থিতা যাচাই-বাছাইয়ে বাতিল হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়। এ পরিস্থিতিতে জকিগঞ্জ-কানাইঘাট এলাকার উন্নয়ন ও জনস্বার্থ বিবেচনায় জাতীয় পার্টির নেতারা ঐক্যবদ্ধভাবে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ (চাকসু) মামুনকে সমর্থনের সিদ্ধান্ত নেন।
নেতারা বলেন, পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাবেক ছাত্রনেতা হিসেবে অভিজ্ঞতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে চাকসু মামুন এ আসনের জন্য উপযুক্ত প্রার্থী। এখন থেকে জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকরা ফুটবল প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন বলেও তারা জানান। তারা বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফুটব প্রতীকের বিজয়কে আরও এগিয়ে নেবে বলে তারা আশাবাদী।
সংবাদ সম্মেলনে জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর শাখার সভাপতি সেক্রেটারি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


