‘চাঁদা না দিলে আপনাকে মেরে ফেলব’ – দৈনিক আজাদী

‘চাঁদা না দিলে আপনাকে মেরে ফেলব’ – দৈনিক আজাদী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নূরীকে ফোন করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ফোনে হুমকি দিয়ে বলা হয়, ‘ চাঁদা না দিলে আপনাকে মেরে ফেলব। ’

এ বিষয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদ ইলিয়াছ নূরী (৫৮)। ভুক্তভোগী মোহাম্মদ ইলিয়াছ নূরী রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রয়াত ওহাব মিয়া সওদাগরের ছেলে।

তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী রহমানিয়া জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মোমবাতি প্রতীকে নির্বাচন করেছিলেন।

অভিযোগ সূত্র মতে, বৃহস্পতিবার দুপুরে ০১৩৫০-৫৬৫৩০৯ নম্বর থেকে অধ্যক্ষ ইলিয়াছ নূরীর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল আসে। পরবর্তীতে কল ব্যাক করলে অপর প্রান্ত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি রিসিভ করে কোনো ভূমিকা ছাড়াই ‘পোলাপাইনদের পরিচালনা করার জন্য’ মোটা অংকের চাঁদা দাবি করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, দুর্বৃত্তরা আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যেই দাবিকৃত চাঁদার টাকা পরিশোধের আল্টিমেটাম দেয়। অন্যথায় তাকে প্রাণে হত্যা করাসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। এরপর থেকে ওই নম্বরটি থেকে বারবার ফোন করে তাকে মানসিকভাবে হয়রানি ও আতঙ্কিত করা হচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ নূরী বলেন, আমাকে ফোন করে চাঁদা দাবি করা হয়েছে। তবে টাকার নির্দিষ্ট অংক বলেনি। চাঁদা তাদের চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

এ ঘটনার পর থেকে তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মুঠোফোন নম্বরটি শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা দাবি জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা যাচাই-বাচাই সহ তদন্ত সাপেক্ষ প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেব।

Explore More Districts