চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আজ সোমবার (২৯ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন মো. মিজানুর রহমান। এর আগে তিনি ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি ঝালকাঠি ত্যাগ করেছেন। আজ চাঁদপুরে যোগদানের পর তিনি চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একটি অনুষ্ঠানে অংশ নেবেন।
রোববার (২৮ জুন) রাতে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতিকে বিষয়টি নিশ্চিত করেন নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. মিজানুর রহমান সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। ঝালকাঠির আগে তিনি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ৫ মে ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে মো. মিজানুর রহমানকে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসান-কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে বদলি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।
বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসান চাঁদপুরে দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য সর্বমহলে প্রশংসিত হন। এখন জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে নতুন প্রত্যাশার সূচনা হলো।
স্টাফ করেসপন্ডেট/ ২৯ জুন ২০২৬

