চশমা সাইদ হত্যা:নূরুজ্জামান ভোলার আদালতে স্বীকারোক্তি

যশোর সদর উপজেলার রঘুরামপুরে চিহ্নিত সন্ত্রাসী চশমা সাইদ হত্যা মামলায় নূরুজ্জামান ভোলা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে শহরের চোরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার আদালতে সোপর্দ করা হলে নূরুজ্জামান ভোলা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে বিচারক তার জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, একটি চায়ের দোকানে আগুন দেওয়ার ঘটনা নিয়ে চশমা সাইদের সঙ্গে ভোলার বিরোধ তৈরি হয়। পরে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গত ২৩ জুন রাতে রঘুরামপুরে চশমা সাইদকে চাকু দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

এর আগে এ ঘটনায় তিনজনকে আটক করা হলেও তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। ২৪ জুন সকালে রঘুরামপুরে নিজ বাড়ির পাশ থেকে চশমা সাইদের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চাকুও উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, তদন্তে নূরুজ্জামান ভোলার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Explore More Districts