
টাঙ্গাইল, ১৫ জানুয়ারি – ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি বাসে এক কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগে বাসের চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ জানান, বুধবার ১৪ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজের এক ছাত্রী ঢাকার রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। সে সময় বাসটিতে আরও দুইজন যাত্রী ছিলেন। ওই দুই যাত্রী নেমে যাওয়ার পর গ্রেপ্তারকৃতরা কলেজছাত্রীকে জোর করে বাসে আটকে রাখে এবং তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এরপর বাসটি বিভিন্ন এলাকায় ঘোরানো হয় এবং রাতভর পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ঘটনার ভিডিওও ধারণ করা হয় বলে জানান তিনি।
ওসি আরও বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুরো ঘটনা জানা যায়।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬



