বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন রোববার (৩ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র হিসেবে শপথ নেবেন। বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১টায় তাকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ডা. শাহাদাতের শপথ গ্রহণ উপলক্ষে চট্টগ্রাম থেকেও বহু নেতাকর্মী ঢাকায় আসছেন।
ডা. শাহাদাতের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী জানিয়েছেন, শপথ গ্রহণ শেষে ডা. শাহাদাত বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। ৫ নভেম্বর চট্টগ্রামে ফিরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।
২০২১ সালের ২৭ জানুয়ারি চসিকের ষষ্ঠ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আনুষ্ঠানিক ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম মেয়র নির্বাচিত হন। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ডা. শাহাদাত হোসেন ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন। তিনি দাবি করেন যে, রেজাউল করিমকে মেয়র ঘোষণার গেজেট বেআইনি এবং ন্যায়নীতির পরিপন্থী।
এ বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন ডা. শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন এবং রেজাউল করিমের মেয়র নির্বাচনের ফলাফল বাতিল করেন। পাশাপাশি ১০ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করার জন্য নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ দেন। ৮ অক্টোবর নির্বাচন কমিশন সচিব এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেন।
এর আগে ১৯ আগস্ট সরকারের নির্দেশে দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
এআরই/এমভি/সিটিজিনিউজ

