চট্টগ্রাম বন্দরে ৫ জি নেটওয়ার্ক চালু করা হয়েছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। যাতে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে পারে। বিষয়টিকে বন্দরের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এক নতুন মাইলফলক বলেও উল্লেখ করা হয়েছে।
বন্দরের ডিজিটাল কার্যক্রম আরও গতিশীল, নিরাপদ ও কার্যকর করার উদ্দেশ্যে অ্যাকসেনটেক পিএলসি কর্তৃক স্থাপিত সর্বাধুনিক ৫ জি নেটওয়ার্ক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে বন্দরের বোর্ড রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে ৫ জি নেটওয়ার্কের উদ্বোধন করেন। এ সময় চবক এর সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (প্রকৌশল) কমডোর মোহাম্মদ মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক, সিস্টেম এনালিস্ট একরাম চৌধুরী ও সচিব মোহাম্মদ আজিজুল মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অ্যাকসেননেট পিএলসির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আদিল হোসেন নোবেলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫ জি নেটওয়ার্ক চালু হওয়ায় বন্দরের স্বয়ংক্রিয় ব্যবস্থা, তথ্য আদান–প্রদান, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ স্মার্ট পোর্ট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, ৫জি নেটওয়ার্ক চালুর মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সক্ষমতা আরও অনেক বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।



