চট্টগ্রাম বন্দরে সম্পূর্ণ অনলাইন রেভিনিউ কালেকশন ব্যবস্থা চালু – দৈনিক আজাদী

চট্টগ্রাম বন্দরে সম্পূর্ণ অনলাইন রেভিনিউ কালেকশন ব্যবস্থা চালু – দৈনিক আজাদী

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) রাজস্ব আদায় কার্যক্রমে যুগান্তকারী ডিজিটাল রূপান্তর এনেছে। সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ, দ্রুত ও ব্যবহারবান্ধব করতে বন্দর কর্তৃপক্ষ সম্পূর্ণ অনলাইন রেভিনিউ কালেকশন ব্যবস্থা চালু করেছে। এর ফলে এখন থেকে বন্দরের বিভিন্ন ফি, চার্জ, বিল ও রাজস্ব আরটিজিএস, এনপিএসবি, বিইএফটিএন, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট এবং বিকাশরকেটসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনলাইনে পরিশোধ করা যাবে।

ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে গৃহীত এই উদ্যোগকে দেশের বন্দর ব্যবস্থাপনা ও বৈদেশিক বাণিজ্যে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে বন্দরের প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং ব্যবসায়ীদের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই অনলাইন রেভিনিউ কালেকশন ব্যবস্থার ফলে কাগজভিত্তিক ও ম্যানুয়াল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। একই সঙ্গে রাজস্ব গ্রহণ, হিসাব সংরক্ষণ ও রিপোর্টিং আরও নির্ভুল ও দ্রুত হবে। রিয়েলটাইম পেমেন্ট মনিটরিংয়ের মাধ্যমে রাজস্ব আদায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়ানো বা সশরীরে উপস্থিত হয়ে বিল পরিশোধের প্রয়োজন না থাকায় আমদানিকারক, রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও শিপিং এজেন্টদের সময়, শ্রম ও পরিবহন ব্যয় কমবে। দেশবিদেশের যেকোনো প্রান্ত থেকে ২৪ ঘণ্টা অনলাইনে বিল ও রাজস্ব পরিশোধের সুবিধা চালু থাকায় বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।

চবকের কর্মকর্তারা বলছেন, নতুন এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম কমে আসবে এবং দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা সম্ভব হবে। এতে দেশের আমদানিরপ্তানি কার্যক্রমে গতি বাড়বে এবং আন্তর্জাতিক সাপ্লাই চেইনে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী হবে।

বন্দর কর্তৃপক্ষ আরও মনে করে, নিরাপদ ডিজিটাল লেনদেন ব্যবস্থার মাধ্যমে মানবিক ত্রুটি ও দুর্নীতির সুযোগ কমে আসবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের আধুনিক বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার পথে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে কাজ করবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দর ব্যবহারকারী সকল অংশীজনকে নতুন এই অনলাইন সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তিনির্ভর এই আধুনিক উদ্যোগ দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Explore More Districts