চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ মাদক, ডাকাতির শিকার গরু এবং গ্রেফতার হয়েছে একাধিক সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী।
বুধবার গভীর রাতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযান চালায় বাঁশখালী থানাধীন টাইম বাজার এলাকায়। বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযানে গ্রেফতার হয় দুইজন অস্ত্র ব্যবসায়ী। নজরুল ইসলাম ও মীর হোসেন মিয়া। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং একটি সিএনজি।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশীয় আগ্নেয়াস্ত্রের ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।
অপরদিকে পটিয়া থানা পুলিশের অভিযানেও গ্রেফতার হয় ১৫টি মামলার পলাতক আসামী মোঃ আব্দুল হামিদ। কাশিয়াইশ ইউনিয়নের এক টিনসেড ঘরে অভিযান চালিয়ে পুলিশ তার হেফাজত থেকে উদ্ধার করে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি এবং একাধিক ধারালো অস্ত্র।
একটি ট্রাক ভর্তি গরু ডাকাতির ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে উদ্ধার করে চুরি যাওয়া ১২টি গরু এবং ছিনতাইকৃত ট্রাক। গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত মোঃ তানজিদ হোসেন তামিমকে।
ডাকাতরা অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ট্রাক, গরু, নগদ টাকা, মোবাইল ফোন এবং কাগজপত্র লুট করেছিল।
মে মাসে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় সর্বমোট ৭৩টি মাদক মামলা রুজু হয়েছে গ্রেফতার হয়েছে ১৭ জন। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে চোলাইমদ: ১,৩৪৬.৫ লিটার, ইয়াবা: ৬৫,৭২১ পিস, গাঁজা: ১৪ কেজি
বিদেশী মদ: ২ বোতল
অস্ত্র আইনে রুজুকৃত ১১টি মামলায় গ্রেফতার হয়েছে ১৬ জন। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে:
এলজি: ১৮টি, একনলা বন্দুক: ৪টি, রাইফেল: ১টি, গুলি: ১০ রাউন্ড ও ধারালো অস্ত্র: ২৫টি
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানই বিপিএম (বার) এর নির্দেশনায় মাদক, অস্ত্র এবং সন্ত্রাসবিরোধী এই অভিযান চলমান থাকবে। নিরাপদ সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান তিনি।
এসসি/সিটিজিনিউজ
