হাটহাজারীতে নিখোঁজের দুইদিন পর আরেফিন আকতার (১১) নামে এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
শনিবার (২৮ মার্চ) দুপুর দেড় টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজারের ইসহাক কলোনী এলাকার একটি তুলার ফ্যাক্টরি থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশটি ঐ এলাকার ভাড়াটিয়া মোহাম্মদ রবিউল ইসলাম ও আমেনা বেগমের নিখোঁজ কন্যার। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।
জানা যায়, গত ২৬ মার্চ দুপুরে আমান বাজার ভাড়া বাসা থেকে আরেফিন আকতার নামে এক শিশু নিখোঁজ হয়। এরপর সবখানে খোঁজ করে না পেয়ে হাটহাজারী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
এদিকে শনিবার (২৮ মার্চ) দুপুর দেড় টার দিকে হাটহাজারী উপজেলার আমান বাজার বনফুলের পেছনে তুলা ফ্যাক্টরির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ওই ফ্যাক্টরিতে গিয়ে নিখোঁজ আরেফীনের মুখ থেতলানো লাশ পড়ে থাকতে দেখা যায়।
পরে মডেল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ।
নিহত শিশুর পরিবারের দাবি তাদের শিশু কন্যা আরেফিন আকতারকে একই কলোনির ভাড়াটিয়া ফয়সাল ধর্ষণের পর হত্যা করে লাশ লুকিয়ে রেখেছিলো। তারা তাদের মেয়ের হত্যাকারীর ফাঁসি দাবি করেছে।
অভিযুক্ত ফয়সাল বছরখানেক আগে বরিশাল থেকে এসে আমান বাজার বনফুলের পেছনে ওই কলোনিতে ভাড়াটিয়া হিসাবে থাকা শুরু করে।
ঘটনাস্থলে থাকা হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুর রহমান শনিবার বিকাল ৩টার দিকে এ প্রতিবেদককে জানান, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাচ্ছি।


