চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে পাঁচ ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। এসময় দেশীয় অস্ত্র ও শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে লতিফপুর সোনা মিয়া রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা খাতুনের নেতৃত্বাধীন একটি দল।
গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল হামিদ (২৩), মো. রবিউল ইসলাম (২৮), মো. ইউসুফ (২৫), গোলাম রব্বানী (২৫) ও মো. সুমন (৩৫)।
পুলিশ জানায়, একটি ডাকাত দল মিরপুর আবাসিক এলাকার জঙ্গল ছলিমপুরে ডাকাতির পরিকল্পনা করছে এমন খবর পাই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। তবে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে শটগানের সাত রাউন্ড কার্তুজ, একটি স্টিলের চাইনিজ কুড়াল, দেশীয় তৈরি ছোরা ও অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছে। গ্রেফতারকৃত ও পলাতক ডাকাত দলের বিরুদ্ধে আকবরশাহ থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুন বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মিরপুর আবাসিক এলাকা ও আশপাশে ছিনতাই ও ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছি। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


