চট্টগ্রামের বোয়ালখালীতে পৌর সদরে হঠাৎ বন্য হাতির উপস্থিতি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে শেষ পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই হাতিগুলো জৈষ্ঠ্যপুরা পাহাড়ে ফিরে গেছে।
বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে পৌর সদরের উপজেলা পরিষদের কোয়ার্টার গলিতে হাতিগুলো দেখতে পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি কোয়ার্টারের সীমানা প্রাচীর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে হাতিগুলো মীরপাড়া হয়ে জৈষ্ঠ্যপুরা পাহাড়ের দিকে চলে যায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা, বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি দল এবং বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা এলাকার মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানান।
স্থানীয় বাসিন্দা জিশু সূত্রধর জানান, সকাল ৭টার দিকে বন্য হাতির দলটি জৈষ্ঠ্যপুরার সূত্রধর পাড়া দিয়ে পাহাড়ের দিকে চলে যায়। পৌর সদর থেকে ওই পাহাড়ের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, হাতির দলটি উপজেলা হাসপাতালের দুই পাশের সীমানা প্রাচীর ভেঙে ফেললেও তেমন কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কতা প্রচারণা চালানো হয়েছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং বন বিভাগের প্রশিক্ষিত কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ইউএনও বলেন, “বন্য হাতির উপস্থিতি আমাদের অঞ্চলে নতুন কিছু নয়, তবে এর ফলে জনজীবনে যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।”
এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি হাতি বিরোধী কোনো কার্যকলাপে না জড়ানোর অনুরোধ জানিয়েছে প্রশাসন।
এমভি/সিটিজিনিউজ


