কক্সবাজারের চকরিয়ায় ফুসলিয়ে নিয়ে গিয়ে ছয় বছর বয়সের এক কন্যা শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় গতকাল শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে ধর্ষণের এই ঘটনার পর অভিযান চালিয়ে কয়েকঘন্টার মধ্যে অভিযুক্ত ধর্ষক ৫৬ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে ধর্ষণে গুরুতর আহত ওই শিশুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়।
ভিকটিম ওই শিশুর পরিবারের অভিযোগ, উপজেলার কাকারা মিনিবাজার এলাকার বাসিন্দা কামাল উদ্দিন (৫৬) নামের এক ব্যক্তি নাস্তা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে আসলে শারিরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ভিকটিম ওই শিশুর মা জানান, অভিযুক্ত ব্যক্তি পূর্বপরিচিত হওয়ায় নাস্তার প্রলোভন দেখানোর কারণে শিশুটি তার কাছে যায়। এই সুযোগে অভিযুক্ত নরপিশাচ কামাল এমন নৃশংস ঘটনা ঘটায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, শিশুটির শারিরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। শিশুটির ওপর চালানো পাশবিক ঘটনায় জড়িত কামাল উদ্দিনকে অভিযান চালিয়ে মেয়ের বাড়িতে আত্মগোপন থাকাবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।




