চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার – দৈনিক আজাদী

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার – দৈনিক আজাদী

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন বেড়িবাঁধের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবকের নাম সাকিব (২৬)। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লোকজন বেড়িবাঁধ এলাকায় গেলে সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা সাকিবকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Explore More Districts