চকবাজারে ১৬টি জাল নোটসহ দুই ব্যক্তি গ্রেপ্তার – দৈনিক আজাদী

চট্টগ্রামের চকবাজারে ১৬টি জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন মাহমুদ।

জানা যায়, শনিবার (২৯ আগস্ট) রাতে চকবাজার থানাধীন কেয়ারী ইলিশিয়াম মার্কেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় মো. পারভেজ (২৯) নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়াছাড়ি এলাকার দক্ষিণকুল গ্রামের বাসিন্দা। তাঁর কাছ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ১১টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ১১ হাজার টাকা।

পুলিশ জানায়, পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মো. আলমগীর হোসেন (৩১) নামের আরেক ব্যক্তিকে চকবাজারের গুলজার মোড় এলাকা থেকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে ৫০০ টাকা মূল্যমানের পাঁচটি জাল নোট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় চকবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ৩০ আগস্ট চকবাজার থানার মামলা নম্বর-১১ হিসেবে মামলাটি নথিভুক্ত করা হয়।

পুলিশের ভাষ্য, জাল নোটের উৎস ও এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Explore More Districts