ঘাটাইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: প্রাণ গেল সেনা নিবাসের বাবুর্চির – News Tangail

ঘাটাইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: প্রাণ গেল সেনা নিবাসের বাবুর্চির – News Tangail

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবু ছাইম মণ্ডল (৪৩) নামে এক মেস বাবুর্চি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সালমা বেগম (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সালমা বেগমকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার বিকেল ৫টার সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু ছাইম মণ্ডল যশোর জেলার কোতোয়ালি থানার কবিলা এলাকার সফিউর মণ্ডলের ছেলে। তিনি ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের মেস বাবুর্চি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার বিকেলে নিহত ছাইম মণ্ডল তার ধর্মবোনকে সাথে নিয়ে ঘাটাইল থেকে কালিহাতী উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে বাসের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোটরসাইকেলে থাকা সালমা বেগমকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

অন্যদিকে, সকালে গুণগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি বস্তায় ভরে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখছেদুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একজনের পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts