গ্যাস ও পানি সমস্যার সমাধান কীভাবে – দৈনিক আজাদী

গ্যাস ও পানি সমস্যার সমাধান কীভাবে – দৈনিক আজাদী

মীরসরাইয়ে দেশের বৃহত্তম শিল্প বিনিয়োগকেন্দ্রগুলোর একটি হিসেবে গড়ে তুলতে গ্যাস, পানিসহ প্রয়োজনীয় অবকাঠামো ও ইউটিলিটি সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়নকাজ শুরুর পর কয়েক বছর পেরিয়ে গেলেও শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী পানির অভাব এবং প্রশাসনিক জটিলতায় বিনিয়োগ ব্যাহত হচ্ছিল। কারখানা নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপনের পরও গ্যাসের অপেক্ষায় উৎপাদন শুরু করতে পারছেন না একাধিক বিনিয়োগকারী। কেউ কেউ বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার করলেও তাতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিযোগিতামূলক বাজারে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এই শঙ্কা দূর করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশিন কোম্পানি (কেজিডিসিএল) মীরসরাই শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ দেওয়ার জন্য পাইপলাইন স্থাপন প্রকল্প বাস্তবায়ন করছে।

সূত্রে জানা যায়, মীরসরাই অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে নানা কর্মকাণ্ড চলছে। এই শিল্প এলাকায় কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনার পাশাপাশি কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির আশাবাদ ব্যক্ত করা হয়। পুরোদমে চালু হলে এখান থেকে বছরে কয়েক বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের সুযোগ তৈরি হবে। কিন্তু দীর্ঘ দিনেও এলাকায় প্রয়োজনীয় গ্যাস ও পানির সংস্থান না হওয়ায় অনেক বিনিয়োগকারী উদ্বিগ্ন ছিলেন। অবকাঠামোগত সীমাবদ্ধতা চলমান বিনিয়োগের পাশাপাশি নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছিল। গ্যাসের অভাবে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উৎপাদন পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানকে সাময়িকভাবে অর্থনৈতিক অঞ্চলের বাইরে থেকে এলপিজি সংগ্রহ করে কার্যক্রম চালাতে হচ্ছে।

শিল্পকারখানার দীর্ঘমেয়াদি উৎপাদনের জন্য এলপিজি সব ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের বিকল্প হতে পারে না উল্লেখ করে সূত্র বলেছে, যেসব শিল্পে নিয়মিত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ প্রয়োজন, সেখানে বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা উৎপাদন ব্যয় ও পরিচালনাগত অনিশ্চয়তা বাড়িয়ে দেয়। সবকিছু গড়ে তোলা হলেও শুধুমাত্র গ্যাসের অভাবে উৎপাদন সিডিউল পিছিয়ে দেওয়ার ঘটনা অনেকের মাঝে হতাশা তৈরি করে।

গ্যাস সংযোগের জন্য শুরুতে মীরসরাইয়ের সিপি মোড়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের স্টেশন থেকে পাঁচ কিলোমিটারের বেশি দীর্ঘ একটি পৃথক পাইপলাইন স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল। বেপজার উদ্যোগে ২৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইন স্থাপনের কথা থাকলেও সেটি বাস্তবায়িত হয়নি। অন্যদিকে একটি বেসরকারি কোম্পানি তাদের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের জন্য ১৬ ইঞ্চি ব্যাসের একটি পাইপলাইন স্থাপন করেছিল। শুরুতে ওই পাইপলাইন থেকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে গ্যাস সরবরাহের সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই উদ্যোগ কার্যকর না হওয়ায় গ্যাস সমস্যার সমাধান হয়নি।

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি উদ্যোগ নিয়েছে। বেপজা অর্থনৈতিক অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য দৈনিক ৫০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) স্থাপনের কাজ চলছে। বেপজার অর্থনৈতিক অঞ্চলের জোন–১–এ ১২, ১০, ৬ ও ৪ ইঞ্চি ব্যাসের বিভিন্ন পাইপলাইন মিলিয়ে ২৬ দশমিক ৯৪৬ কিলোমিটার গ্যাস বিতরণ নেটওয়ার্ক নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। ডিআরএস স্থাপন ও পাইপলাইন নির্মাণের কাজ বেপজার অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।

অপরদিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্য অংশে গ্যাস সরবরাহের জন্য পৃথক উদ্যোগ নেওয়া হয়েছে। জোন ২এ ও ২বি এবং সংলগ্ন এলাকায় প্রায় ১৩ দশমিক ২ কিলোমিটার গ্যাস পাইপলাইন, দুটি ডিআরএস ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কেজিডিসিএলের কর্মকর্তারা বলেছেন, গ্যাসের পাশাপাশি পানির সংকটও মীরসরাই শিল্পাঞ্চলের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা বলেছেন, বর্তমানে যে সীমিত পরিমাণ পানি পাওয়া যাচ্ছে, তার একটি অংশ লবণাক্ত ও দুর্গন্ধযুক্ত। শিল্পকারখানার উৎপাদন, পরিষ্কার–পরিচ্ছন্নতা, শীতলীকরণ ও অন্যান্য কাজে মানসম্মত পানির প্রয়োজন হয়। ফলে পর্যাপ্ত ও মানসম্মত পানির নিশ্চয়তা না থাকলে নতুন শিল্প স্থাপন এবং বিদ্যমান কারখানার উৎপাদন সম্প্রসারণ কঠিন হবে। এ কারণে বেপজা তুলনামূলক কম পানি ব্যবহার করে এমন ড্রাই ইন্ডাস্ট্রিকে আকৃষ্ট করার দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

বেজার পরিকল্পনায় মেঘনা নদী থেকে পানি এনে শিল্পাঞ্চলে সরবরাহের জন্য প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণের প্রস্তাব রয়েছে। এতে প্রায় ১০ হাজার ৫৫৩ কোটি টাকা ব্যয় হবে। দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের অর্থায়ন ও বাস্তবায়ন প্রস্তাব ঘিরে অগ্রগতি না হওয়া এবং পানির মূল্য নিয়ে কর্তৃপক্ষ ও বিনিয়োগকারীদের মধ্যে সমঝোতা না হওয়ায় প্রকল্পটি অনিশ্চয়তায় পড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম ওয়াসার মাধ্যমে মেঘনা নদী থেকে পরিশোধিত পানি সরবরাহের আরেকটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে। এই প্রকল্পে প্রায় ২২ হাজার ৬৯ দশমিক ৬৯ কোটি টাকা ব্যয় হবে। চাঁদপুরের পদ্মা–মেঘনা–ডাকাতিয়া নদীর মিলনস্থলের পানি পরিশোধন করে প্রায় ১৩২ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরবরাহের কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন লিটার দৈনিক পানি পরিশোধন সক্ষমতার প্ল্যান্ট স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। ২০৪০ সাল নাগাদ পরিশোধন সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যও উল্লেখ করা হয়েছে।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি বেপজার নিজস্ব অর্থনৈতিক অঞ্চলে পানির বিকল্প উৎস তৈরিরও চিন্তাভাবনা করা হচ্ছে। প্রায় ৪৫ একর আয়তনের বৃষ্টির পানি সংরক্ষণযোগ্য লেক নির্মাণ এবং আশপাশের খাল ও নদী থেকে লবণাক্ততামুক্ত পানি সংগ্রহ করে শোধনাগারের মাধ্যমে শিল্পকারখানায় সরবরাহের কথা বলা হয়েছে।

শিল্পাঞ্চলের পানি ব্যবস্থাপনায় ১০৯ কোটি টাকার একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় মীরসরাইয়ে খাল উন্নয়ন ও লাইনিং, ঘাট এবং ওয়াকওয়ে নির্মাণে ১০৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ২৯ টাকা ব্যয়ে কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

এই প্রকল্পের মাধ্যমে খাল, ঘাট কিংবা ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সামগ্রিক পানি নিষ্কাশন, জলাধার ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষণ এবং শিল্পাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যও রয়েছে।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নতুন বিনিয়োগকারীদের গ্যাস, বিদ্যুৎ ও পানির চাহিদা নিরূপণের উদ্যোগ নিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। প্রতিষ্ঠানটি নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে ইউটিলিটি চাহিদার তথ্য সংগ্রহ করছে, যাতে কারখানা নির্মাণের সময় প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা যায়। নতুন শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে চীনা বিনিয়োগকারী বেশি। পাশাপাশি দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, ভারত, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এখানে শিল্প স্থাপনে আগ্রহ দেখিয়েছেন। পূর্ণ সক্ষমতায় পৌঁছালে পুরো অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২ দশমিক ৯ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হবে।

Explore More Districts