| ৪ August ২০২৬ Tuesday ৭:২২:৫৮ PM | |
নিজস্ব প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়কের নেতৃত্বে এক ফল ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সজল সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ সরদারকে।
ব্যবসায়ীর স্ত্রী সীমা বেগম অভিযোগে উল্লেখ করেন, তার স্বামী জলিল রাঢ়ী দীর্ঘদিন ধরে মাহিলাড়া বাজারে ফলের ব্যবসা করে আসছেন। তার নামে একটি চান্দিনা ভিটি বরাদ্দ রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দোকানঘরটি ভেঙে ফেলা হলে সেখানে আর স্থাপনা নির্মাণ করা সম্ভব হয়নি। সম্প্রতি ওই ভিটিতে নতুন করে দোকানঘর নির্মাণের উদ্যোগ নিলে অভিযুক্তরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, তার স্বামী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাদের সহযোগীদের নিয়ে বাঁশ ও খুঁটির বেড়া দিয়ে ভিটিটি দখল করে রাখেন। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি উপজেলা প্রশাসন এবং বিএনপির ঊর্ধ্বতন নেতাদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সজল সরকার। তিনি বরিশাল বাণীকে বলেন, “মন্দিরের পেছনে থাকা জায়গাটি একটি পরিত্যক্ত ভিটি। সেখানে জনসাধারণের ব্যবহারের জন্য টয়লেট ও টিউবওয়েল রয়েছে। এমন একটি জায়গা ডিসিআরের মাধ্যমে বরাদ্দ দেওয়ার বিরুদ্ধে বাজার কমিটি ও ইজারা কমিটির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ কারণে ক্ষুব্ধ হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।”
গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল বরিশাল বাণীকে বলেন, আমি তো ব্যবসায়ী জলিলকে সমাধানের জন্য ডেকেছিলাম, কিন্ত সে আসেনি। উল্টো এখন আমার বিরূদ্ধে চাঁদাদাবির অভিযোগ তুলেছে। তথ্যমন্ত্রীর কাছেও সে মৌখিকভাবে মিথ্যা অভিযোগ দিয়েছিল।
গৌরনদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরিশাল বাণীকে বলেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
