আঁচ করতে পেরে হামলার এক-দুই মিনিট আগে বাড়িতে থাকা আত্মীয়স্বজনেরা নিরাপদ দূরত্বে সরে যান বলে জানান ডাকসু নেতা মুসাদ্দিক আলী। তিনি অভিযোগ করে বলেন, ‘সাবেক অবৈধ সরকারের মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের নির্দেশে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ আমার বাড়িতে আগুন দিয়েছে। মুকসুদপুর থানাও তারা পুড়িয়ে দিয়েছে। ফলে সেখানে আইনি ব্যবস্থা চাওয়ারও সুযোগ নেই। সরকারের ওপরও ভরসা নেই।’
ডাকসুর প্রতিবাদ, জামায়াত আমিরের ফোন
মুসাদ্দিকের বাড়িতে হামলাকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের আরেকটি ন্যক্কারজনক দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছে ডাকসু। বিকেলে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের আগে মুসাদ্দিকের বাড়ি মনে করে প্রথমে তাঁর ফুপুর বাড়িতে আগুন দেওয়া হয়। পরে তাঁর পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কয়েক দিন ধরেই মুসাদ্দিকের বাড়িতে হামলার উসকানি দিয়ে আসছিল। হামলার আশঙ্কায় বিষয়টি একাধিকবার প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
