গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই বরিশালে ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই বরিশালে ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

২১ March ২০২৬ Saturday ১২:০৪:০৩ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই বরিশালে ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই বরিশালে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি হলেও ছাতা হাতেই ঈদগাহ ও মসজিদগুলোতে সমবেত হন মুসল্লিরা।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় বরিশালের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার প্রথমবারের মতো নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়। বরিশাল সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক বিলকিস জাহান শিরিন নিজেই নারী মুসল্লিদের নিয়ে এই জামাতে অংশ নেন। প্রথমবারের মতো ঈদগাহে নামাজ পড়তে পেরে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় নারী মুসল্লিরা।

ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান জামাতে অংশ নেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এবং জেলা প্রশাসক খাইরুল ইসলাম সুমন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ সেখানে ঈদের নামাজ আদায় করেন।

এদিকে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খোলা ময়দানের চেয়ে অনেক মুসল্লি মসজিদে নামাজ আদায়কে বেশি প্রাধান্য দেন। নগরের বেশ কয়েকটি মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে কেন্দ্রীয় কসাই জামে মসজিদ, জামে এবায়েদুল্লাহ মসজিদ, বায়তুল মোকাররম মসজিদ এবং পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে দুটি করে ঈদের জামাতের আয়োজন করা হয়।

এছাড়া জেলার ১০টি উপজেলার সহস্রাধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির কারণে যাতায়াতে সাধারণ মানুষকে কিছুটা দুর্ভোগ পোহাতে হলেও, ঈদের আনন্দে এর বড় কোনো প্রভাব পড়েনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts