স্টাফ রিপোর্টার: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। গত বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বিকালে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাসুমা রহমান ওই শোকজ নোটিশ দেন। এম মঞ্জুরুল করিম গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযোগ উঠে যে, গাজীপুর-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী এম মঞ্জুরুল করিম প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণায় অংশ নেন। অভিযোগ অনুযায়ী, তিনি গাজীপুর সিটি কর্পোরেশনসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভার নামে ধানের শীষের ভোট চেয়ে বক্তব্য দেন এবং প্রচার কার্যক্রম চালান।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক ও নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, এম. মঞ্জুরুল করিম রনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতীক বরাদ্দ হওয়ার পূর্বে গাজীপুর সদরের সিটি কর্পোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লাসহ বিভিন্ন এলাকায় শোক সভার নামে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ও প্রচার প্রচারণা চালাচ্ছেন। ফেসবুক পেজ দৃষ্টে দেখা যাচ্ছে যে, আপনি বিভিন্ন ধরনের প্রোগামে অংশগ্রহণ করে কৌশলে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন। মিলাদ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে কৌশলে ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়ে আসছেন। উক্ত প্রচার প্রচারণার ফেসবুক লিংক, ভিডিও এবং স্ক্রিনশর্ট অত্র কমিটির গোচরীভূত হয়েছে। আপনার এইরূপ প্রচার প্রচারণা সুস্পষ্টভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ৩, ১৬, ১৮, ২৭ বিধি পরিপন্থি এবং নির্বাচনি আচরণ বিধির লঙ্ঘনের সামিল।
এমতাবস্থায়, বর্ণিত অভিযোগ বিষয়ে কেন আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সে বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে আগামী রোববার সকাল সাড়ে ১১ টার সময় নিম্নস্বাক্ষরকারীর অস্থায়ী কার্যালয়ে (সিভিল জজ অতিরিক্ত আদালত, (টংগী) গাজীপুর) বরাবর স্ব-শরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর ২ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি বলেন, আমিও শোকজের নোটিশের বিষয়টি শুনতেছি।



