
গাজীপুর, ৩ মার্চ – জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দক্ষ জনবল তৈরিতে ৫০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ করা হবে। মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকায় প্রস্তাবিত ইনস্টিটিউটের স্থান পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় জ্ঞান অর্জন ও গবেষণার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
প্রাথমিকভাবে ৫০ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি উল্লেখ করেন, এখানে প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের আবাসনের জন্য একটি হোস্টেলও নির্মাণ করা হবে। প্রথম ধাপে তিনতলা ভবন তৈরি হলেও পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী তা সম্প্রসারণ করা হবে। প্রায় সাড়ে আট একর জায়গাজুড়ে এই ইনস্টিটিউটটি নির্মিত হবে এবং স্থানটি যাতায়াতের জন্য সুবিধাজনক বলে পরিদর্শনে প্রতীয়মান হয়েছে। মন্ত্রী আরও জানান, অনুমোদন পেলেই দ্রুত নির্মাণকাজ শুরু হবে কারণ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা অত্যন্ত জরুরি।
পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন খান এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান উপস্থিত ছিলেন। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এস এম/ ৩ মার্চ ২০২৬



